আমতলী (বরগুনা) থেকে রিয়াজ মৃধা:
বরগুনার আমতলীতে দশম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন রুবেলের বিরুদ্ধে। অভিযোগের পর ওই ছাত্রী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শিক্ষকের ভয়ে ওই ছাত্রী গত তিন দিন ধরে বিদ্যালয়ে যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার।
ঘটনাটি ঘটেছে উপজেলার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
জানা গেছে, সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন রুবেল প্রায় ১২ বছর ধরে কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, চাকরিজীবনে তিনি একাধিক ছাত্রীকে উত্ত্যক্ত করেছেন। এ নিয়ে বিভিন্ন সময় সালিশ বৈঠক হলেও তার আচরণে পরিবর্তন আসেনি বলে অভিযোগ তাদের।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন শিক্ষক রুবেল। লজ্জায় বিষয়টি এতদিন এড়িয়ে গেলেও গত সোমবার ওই ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়া হলে বিষয়টি সে তার মাকে জানায়। পরে ছাত্রীর ভাই এ বিষয়ে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের পর শিক্ষক রুবেল ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্রীর মা ও পরিবারের সদস্যরা। এ কারণে ওই ছাত্রী গত তিন দিন ধরে বিদ্যালয়ে যাওয়া বন্ধ রেখেছে। এতে তার পড়াশোনা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, শিক্ষক রুবেল প্রায়ই ছাত্রীদের উত্ত্যক্ত করেন। এ নিয়ে এর আগেও কয়েকবার সালিশ বৈঠক হয়েছে। কিন্তু এরপরও তার আচরণে পরিবর্তন আসেনি বলে অভিযোগ তাদের। তারা বলেন, বর্তমান ঘটনায় ওই ছাত্রী বিদ্যালয়ে আসা বন্ধ করে দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত করে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
অভিযোগকারী ওই ছাত্রী বলেন, সহকারী শিক্ষক রুবেল স্যার দীর্ঘদিন ধরে আমাকে খারাপ প্রস্তাব দিয়ে আসছেন। তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত সোমবারও আমাকে অনৈতিক প্রস্তাব দেন। বিষয়টি আমি আমার মাকে জানিয়েছি। পরে তিনি আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। ঘটনার পর থেকে আমি স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছি। আমি স্যারের কঠোর শাস্তি দাবি করছি।
ছাত্রীর মা বলেন, আমার মেয়েকে উত্ত্যক্ত করায় আমার ছেলে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে শিক্ষক রুবেল আমাকে ও আমার মেয়েকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। তার ভয়ে আমার মেয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেন রুবেল। তিনি বলেন, হ্যান্ডবল ও কাবাডি খেলার খেলোয়াড় চূড়ান্ত করতে ওই ছাত্রীকে ডাকা হয়েছিল। এ সময় আমি বলেছি, তুমি ভালো খেলতে পারবে। এতে ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে।
কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী গোলাম ফারুক বলেন, সহকারী শিক্ষক রুবেল ওই ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ করেছেন। যা মুখে উচ্চারণ করা যায় না। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার বৈঠকে বসেছিলাম। সভাপতি তাকে শাসিয়েছেন।
আমতলী থানা অফিসার ইনচার্জ মো. ইয়াকুব হোসাইন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কা/রি
প্রতিষ্ঠাতা চেয়াম্যান ও সম্পাদক : এইচ এম সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক: আর এইচ এস সিদ্দিক (গাজীপুর),নির্বাহী সম্পাদক: শারমিন আক্তার পলি,
প্রধান বার্তা সম্পাদক:........
এস এম সিদ্দিকুর রহমান সম্পাদিত দৈনিক "কাগজের ডাক" নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত।
ওয়েব সাইড: www.dailykagojerdak.Com, ইমেইল : kagojerd@gmail.com,ফোন নংঃ-+৮৮০৯৬৯৬০০৭৯১১,বার্তা সম্পাদক ফোন:৮৮০৯৬৯৬০০৭৯১১
★বিনা অনুমতিতে সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি★